পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হবে এবং ঈদুল আজহা পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছে।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদ উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার আপাতত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।
তিনি আরও জানান, বর্ধিত সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দিয়েছে সরকার।
এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধে ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
নতুন সিদ্ধান্তে ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।