চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 06-05-2026

চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

ঢাকা, বুধবার: শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট শিয়ং ইউজিয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। এই অবস্থান আরও উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি জানান, বর্তমানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতার বিস্তর সুযোগ রয়েছে।

এ সময় আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট শিয়ং ইউজিয়ে বলেন, তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। বাংলাদেশে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে উভয় দেশের শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশাবাদী।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com