পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে সতর্কতা—‘পুশইন’ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারির নির্দেশ


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 06-05-2026

পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে সতর্কতা—‘পুশইন’ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারির নির্দেশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গ-এ নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনা চরমে রয়েছে এবং এর প্রভাব সীমান্তবর্তী এলাকায় পড়তে পারে। যদিও এখনো বাংলাদেশে কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি, তবুও আগাম সতর্কতা হিসেবে বিজিবিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। আশা করি ‘পুশইন’ করা হবে না, তবুও সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলা হয়েছে।”

এছাড়া সম্মেলনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলার তালিকা এক মাসের মধ্যে প্রস্তুত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে লাইসেন্সকৃত অবৈধ অস্ত্র উদ্ধার এবং জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলোর তালিকা তৈরির কথাও বলা হয়েছে।

আসন্ন ঈদ যাত্রা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সড়ক, মহাসড়ক ও রেলপথে জালিয়াতি প্রতিরোধে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের পাশাপাশি জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেরিঘাট ব্যবস্থাপনাতেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে—বাস থেকে যাত্রী নামিয়ে আলাদাভাবে ফেরিতে তোলার বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে নতুন আইন প্রণয়নের কাজও চলছে, যা শিগগিরই কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com