এনসিপিতে একযোগে ৪ হাজার ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সদস্যের যোগদান, যুক্ত হলেন বিশিষ্ট ব্যক্তিরাও


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 06-05-2026

এনসিপিতে একযোগে ৪ হাজার ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সদস্যের যোগদান, যুক্ত হলেন বিশিষ্ট ব্যক্তিরাও

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় ৪ হাজার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী শ্রেণির নাগরিকদের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।

যোগদানকারীদের মধ্যে উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হাজী শরীয়তুল্লাহর সপ্তম বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন, সাবেক বিএনপি নেতা ও শিক্ষাবিদ অধ্যাপক এম.ই.এইচ আরিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ—সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ অন্যান্য নেতারাও দলটিতে যোগ দেন।

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া এই সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া ও সংস্কারের লক্ষ্যে আন্দোলন করে আসছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের লক্ষ্য বাস্তবায়নে বৃহত্তর প্ল্যাটফর্ম প্রয়োজন মনে করেই এনসিপিতে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যোগদান উপলক্ষে এর আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর নেতারা বৈঠক করেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সংস্কার ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

এনসিপির নেতারা জানিয়েছেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এভাবে দলে যোগদান সংগঠনের রাজনৈতিক শক্তি বাড়াবে এবং দেশের স্বার্থভিত্তিক রাজনীতিকে আরও গতিশীল করবে।

বিশ্লেষকদের মতে, একযোগে বিপুল সংখ্যক কর্মী ও পরিচিত ব্যক্তিত্বের এই যোগদান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com