পশ্চিমবঙ্গে যে-ই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-05-2026

পশ্চিমবঙ্গে যে-ই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তনের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার প্রভাব দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে না বলে স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হোক বা না হোক, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে, তা আগের মতোই অটুট থাকবে। বাংলাদেশ সবসময় নিজের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বজায় রেখেই ভারতের সঙ্গে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনার সময় ভারতের সঙ্গে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, সীমান্ত দিয়ে পুশইন বন্ধ করা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়নের মতো বিষয়গুলো নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত আলোচনা চলবে। বিশেষ করে গঙ্গার পানি চুক্তি নিয়ে বাংলাদেশ অত্যন্ত আশাবাদী এবং এ বিষয়ে একটি ইতিবাচক সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে।

এছাড়া দুই দেশের সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, খুব দ্রুতই ভারতের ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মূলত পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন আসলেও, রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ ও উন্নয়নের অংশীদারিত্ব বজায় রাখাই বাংলাদেশের প্রধান লক্ষ্য—প্রতিমন্ত্রীর বক্তব্যে এমনটাই ফুটে উঠেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com