বড় পরিবর্তন আসতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রামে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-05-2026

বড় পরিবর্তন আসতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রামে

ফেসবুক ও ইনস্টাগ্রামের আসক্তিমূলক নকশা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে আজ সোমবার থেকে গুরুত্বপূর্ণ বিচার শুরু হচ্ছে। অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, মেটা তাদের প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করেছে যাতে কিশোররা দীর্ঘ সময় আসক্ত থাকে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

আদালতে যদি প্রমাণিত হয় যে মেটার অ্যালগরিদম ‘জনস্বার্থে ক্ষতিকর’ পরিস্থিতি তৈরি করেছে, তবে বিচারক প্ল্যাটফর্ম দুটির কার্যক্রমে বড় পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এর মধ্যে রয়েছে বাধ্যতামূলক বয়স যাচাই, অ্যালগরিদম পরিবর্তন এবং অটোপ্লে বা অন্তহীন স্ক্রলিংয়ের মতো ফিচার সীমিত করা। এর আগে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। এবার অঙ্গরাজ্য কর্তৃপক্ষ মানসিক স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের জন্য মেটার কাছে প্রায় ৩৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করতে পারে।

অন্যদিকে মেটা এই অভিযোগগুলোকে অবাস্তব বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির মতে, আদালতের দেওয়া সব শর্ত মানা প্রযুক্তিগতভাবে অসম্ভব এবং এমনটা হলে তারা নিউ মেক্সিকোতে সেবা বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। মেটার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমই মানসিক সমস্যার একমাত্র কারণ—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আরও ৪০টির বেশি অঙ্গরাজ্য এবং ১,৩০০ স্কুল জেলা মেটার বিরুদ্ধে একই ধরনের আইনি লড়াই চালাচ্ছে। এই মামলার রায় বিশ্বজুড়ে প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা পরিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com