৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-05-2026

৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেছেন। শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা দেশটিকে পুনরায় পরাধীনতা মুক্ত করেছে এবং এর মাধ্যমে আমরা নতুন করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছি।

উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ এবং একেকজন গ্লোবাল অ্যাম্বাসাডর। খেলাধুলা ও মেধার মাধ্যমে তোমাদেরই পৃথিবীব্যাপী বাংলাদেশের নাম উজ্জ্বল করতে হবে। দেশের দায়িত্ব নেওয়ার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার শিশুদের প্রতিভা বিকাশে সব ধরনের সহায়তা দেবে। কেউ যদি ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায় যেমন সহযোগিতা পাবে, তেমনি কেউ যদি গায়ক বা খেলোয়াড় হতে চায়, তবে সরকার সেই পরিবেশও নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধারণার পেছনের স্মৃতিচারণা করতে গিয়ে জানান, প্রায় সাড়ে চার বছর আগে লন্ডনে অবস্থানকালে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে এক আলোচনায় এই বিশেষ প্ল্যাটফর্মটির পরিকল্পনা করা হয়েছিল। তারা তখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে, ভবিষ্যতে সুযোগ পেলে শিশুদের জন্য এই উদ্যোগটি বাস্তবায়ন করবেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের স্বাগত বক্তব্যের পর প্রধানমন্ত্রী অনলাইনে সারা দেশে একযোগে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com