এক খাল খননে মিটবে ১৭ গ্রামের জলাবদ্ধতা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-05-2026

এক খাল খননে মিটবে ১৭ গ্রামের জলাবদ্ধতা

যশোরে জলাবদ্ধতা নিরসন ও কৃষি বিপ্লবের লক্ষ্যে শুরু হলো খাল পুনঃখনন কর্মসূচি। শনিবার (২ মে) সারা দেশে চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে এই খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, "বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল সারা দেশে খাল পুনঃখনন করা। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বিশাল উদ্যোগ গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় আজ হৈবতপুর ইউনিয়নে এই কাজ শুরু হলো।"

এই প্রকল্পের সুদূরপ্রসারী প্রভাব তুলে ধরে তিনি আরও জানান, প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখননের ফলে ওই অঞ্চলের ১৭টি গ্রাম দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে। এতে কেবল কৃষি উৎপাদনই বৃদ্ধি পাবে না, বরং মৎস্য চাষ ও স্থানীয় অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চার হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা। স্থানীয় অতি দরিদ্র শ্রমিকদের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানও নিশ্চিত করা হচ্ছে এই প্রকল্পের অধীনে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যশোরের কৃষি ও পরিবেশ রক্ষায় সরকারের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষিজীবী সাধারণ মানুষ।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com