বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-04-2026

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময় পর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের অধীনে মে দিবস পালিত হতে যাচ্ছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, এবারের সমাবেশ থেকে দেশের শ্রমজীবী মানুষ নতুন করে বাঁচার ও এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পাবে।

দলীয় সূত্রে জানা গেছে, এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে। নয়াপল্টনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের অবদানকে সম্মান জানাতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

শ্রমিক দলের এই সমাবেশে রাজধানীর বিভিন্ন প্রান্ত ছাড়াও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করা হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com