ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-04-2026

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল নীতি হলো—'ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার'। বিশ্বাসী-অবিশ্বাসী কিংবা বাঙালি-অবাঙালি ভেদাভেদ ভুলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সবাই যেন সমান সুযোগ ভোগ করতে পারে, তা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন যে, বর্তমান সরকার ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে চায় না এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কোনো পরিকল্পনাও তাদের নেই। তিনি অতীতেও এমন চর্চা থেকে বিরত ছিলেন বলে উল্লেখ করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের ‘পঞ্চশীল নীতি’র গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা ও মাদক থেকে বিরত থাকার যে শিক্ষা বৌদ্ধ ধর্ম দেয়, তা প্রতিটি মানুষের জন্য জরুরি। নাগরিকরা যদি রাষ্ট্রীয় আইনের পাশাপাশি নিজ নিজ ধর্মের মানবিক শিক্ষাগুলো অনুসরণ করেন, তবে একটি সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠন করা সহজ হবে।

মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছিলেন। স্বাধীনতার লড়াইয়ে কেউ কারো ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করেনি। তাই এই দেশ সবার। তিনি 'বাংলাদেশি জাতীয়তাবাদ' দর্শনের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই আদর্শই দেশের সকল নৃগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে। তিনি বৌদ্ধ সম্প্রদায়সহ সকলকে আশ্বস্ত করেন যে, এ দেশে কেউ সংখ্যালঘু নয়; প্রত্যেকের পরিচয় তারা 'বাংলাদেশি'।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী ও বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সমাপনী বক্তব্যে দল-মত নির্বিশেষে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com