পুলিশ বক্সের সামনে সোনা লুট, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে বহিষ্কার


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 29-04-2026

পুলিশ বক্সের সামনে সোনা লুট, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে বহিষ্কার

দিনাজপুরের বিরামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে প্রায় সোয়া আট ভরি সোনা লুটের ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখা ও ছাত্রদল জেলা শাখার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু মুন্সী এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান আলী।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আশিক; ছাত্রদলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান, সদস্য সাগর রহমান; বিরামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কর্মী আল রেহমান, মো. সানি ও আরিফুল ইসলাম।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকায় দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক সোনা ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সোনা লুটের ঘটনা ঘটে। ঘটনাটি পুলিশ বক্স সংলগ্ন এলাকায় হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার পর আশিক, সাগর, আল রেহমান ও আরিফুলকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে বিরামপুর থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ডাকাতির মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দলীয় পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com