পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 29-04-2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বহনকারী গাড়িতে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস ধাক্কা দিয়েছে। এ ঘটনায় বাসচালক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাস্ট পরিবহনের বাসটি প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ গাড়িতে থাকা সবাই নিরাপদ ছিলেন।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও চালক ওমর ফারুককে হেফাজতে নেয়। তার বয়স ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রতিমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত চালককে আইনগত প্রক্রিয়ায় আদালতে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com