সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী


সংসদ প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই , আপডেট করা হয়েছে : 29-04-2026

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গণ্য হচ্ছেন।

তিনি আরও জানান, চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

একটি আসনের প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় সেটির ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। ওই আসনটি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সদস্যদের নাম ও ঠিকানা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে প্রকাশ করা হবে এবং পরবর্তীতে শপথ গ্রহণের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সদস্যরা সাধারণত সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর আসনসংখ্যার আনুপাতিক ভিত্তিতে মনোনীত হয়ে থাকেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com