প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে থাকা ৮৭টি এফডিআরসহ বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, ৮৭টি এফডিআরে থাকা মোট ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি ব্যাংক হিসাবে থাকা ৬৬ হাজার ৩৭৬ টাকা, ১৬ হাজার ৪১৯ মার্কিন ডলার এবং ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার ১৩টি ওয়েজ আর্নারস বন্ডও অবরুদ্ধ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক সাবিকুন নাহার এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তার নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদকের তথ্যমতে, তার নামে ও ছদ্মনামে পরিচালিত ১৫টি ব্যাংক হিসাবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯৯ কোটি ২১ লাখ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের লেনদেন হয়েছে, যা তদন্তে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ঘটনায় গত বছরের ২ জুন দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে। আদালতের এই আদেশকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।