ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমীর


সংসদ প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই , আপডেট করা হয়েছে : 29-04-2026

ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমীর

জাতীয় সংসদে জামায়াতে ইসলামী ও বিরোধীদলীয় নেতাকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় অধিবেশন কিছু সময়ের জন্য অচলাবস্থায় পড়ে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, বিরোধীদলীয় নেতা নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য দাবি করলেও তিনি জামায়াতে ইসলামী করেন, যা তার মতে ‘ডাবল অপরাধ’।

তিনি আরও বলেন, দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবসময়ই বিজয়ী হবে এবং কোনো অপশক্তি জয়লাভ করতে পারবে না।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ফজলুর রহমানের মন্তব্য তাকে ব্যক্তিগতভাবে আঘাত করেছে। তিনি বলেন, তার পরিচয় ও আদর্শ নিয়ে প্রশ্ন তোলা গুরুতর বিষয়।

শফিকুর রহমান আরও বলেন, “তিনি বলেছেন, আমি নিজেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দাবি করি এবং সেটি চ্যালেঞ্জ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, কোনো মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য জামায়াতে ইসলামী করতে পারে না—এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই।”

তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত পরিচয় ও রাজনৈতিক আদর্শ নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এবং এটি অতিরিক্ত আপত্তিকর।

ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করলে সংসদে প্রায় ১০ মিনিটের মতো উত্তেজনা ও অচলাবস্থার সৃষ্টি হয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com