এপ্রিলের ২৮ দিনে রেমিট্যান্সে এলো ২৯১ কোটি ডলার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-04-2026

এপ্রিলের ২৮ দিনে রেমিট্যান্সে এলো ২৯১ কোটি ডলার

দেশের অর্থনীতির প্রাণশক্তি রেমিট্যান্স বা প্রবাসী আয়ে সুবাতাস বইছে। চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৩৯ লাখ ডলার করে দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই সর্বশেষ চিত্র তুলে ধরেন। তিনি জানান, গত বছরের এপ্রিল মাসের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, কেবল মাসভিত্তিক নয়, পুরো অর্থবছরের হিসেবেও রেমিট্যান্সের পাল্লা বেশ ভারী। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধির হার ১৯ দশমিক ৯০ শতাংশ।

উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড। এছাড়া বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০০ কোটি ডলারের ওপরে। প্রবাসী আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com