ওয়ানডেতে বাংলাদেশের ৩ পেসারের বড় লাফ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-04-2026

ওয়ানডেতে বাংলাদেশের ৩ পেসারের বড় লাফ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে দাপুটে বোলিংয়ের পুরস্কার হিসেবে পেসারদের অবস্থানে বড় ধরনের উন্নতি ঘটেছে।

সিরিজে ১৮ উইকেট ভাগাভাগি করে নেওয়া তিন পেসার— শরিফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে ২৮তম, মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ এগিয়ে ৪১তম এবং সিরিজসেরা নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন। ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ৩২তম (১১ ধাপ উন্নতি) ও লিটন দাস ৬৫তম (১৫ ধাপ উন্নতি) অবস্থানে রয়েছেন। এছাড়া অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফিফটি করে ম্যাচসেরা হওয়া তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠেছেন। ব্যাটারদের তালিকায় পারভেজ হোসেন ইমন ৪০তম এবং বোলারদের তালিকায় অফস্পিনার মেহেদী হাসান ৩ ধাপ এগিয়ে যৌথভাবে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটেই টাইগারদের এই সম্মিলিত উত্থান দেশের ক্রিকেটে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com