সোয়া এক ঘণ্টা বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লার অধিকাংশ এলাকা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-04-2026

সোয়া এক ঘণ্টা বৃষ্টিতে তলিয়ে গেল কুমিল্লার অধিকাংশ এলাকা

মাত্র সোয়া এক ঘণ্টার রেকর্ড ভাঙা বৃষ্টিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান সড়কসহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত মাত্র ৭৫ মিনিটে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই ভারি বর্ষণে নগরীর কান্দিরপাড়, লাকসাম রোড, বিসিক শিল্পনগরীসহ নিচু এলাকার বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার দেড় দশক পেরিয়ে গেলেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হয়নি। রিকশাচালক থেকে শুরু করে ব্যবসায়ী—সবাই এই আকস্মিক বন্যায় স্থবির হয়ে পড়া জনজীবন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, পূর্ববর্তী কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর সমস্যাগুলো চিহ্নিত করে একটি বৃহৎ মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, যা পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীকে মুক্তি দেওয়া হবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী আরও দুই দিন কুমিল্লায় মাঝারি ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com