কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-04-2026

কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আটক সাংবাদিকদের মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সোমবার (২৭ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে পাঠানো এক চিঠিতে সংস্থাটি এই দাবি জানায়। চিঠিতে বিশেষ করে সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দেওয়ার অনুরোধ করা হয়েছে।

সিপিজে উল্লেখ করেছে যে, এই সাংবাদিকদের ১৮ মাসেরও বেশি সময় ধরে হত্যার অভিযোগে আটকে রাখা হলেও এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়নি। সংস্থাটি মনে করে, পূর্ববর্তী সরকারের আমলের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রতিশোধ হিসেবেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, যা বর্তমান সরকারের অবাধ গণমাধ্যম ও ন্যায়বিচারের প্রতিশ্রুতির পরিপন্থী। প্রায় ৬০০ দিন পার হলেও পুলিশ অভিযোগপত্র দিতে ব্যর্থ হওয়াকে আইনানুগ বিধির লঙ্ঘন হিসেবে দেখছে সংস্থাটি।

চিঠিতে সাংবাদিকদের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সিপিজে জানায়, শ্যামল দত্ত হৃদরোগ ও স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন এবং ক্যানসার আক্রান্ত মোজাম্মেল হক বাবু অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ফলো-আপ চিকিৎসা পাচ্ছেন না। এছাড়া ফারজানা রূপাকে কিছুকাল কনডেম সেলে রাখার ঘটনাকে অমানবিক হিসেবে বর্ণনা করা হয়েছে। সার্বিক বিবেচনায় মানবিক কারণে এবং দেশে সুস্থ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে এই সাংবাদিকদের মুক্তি নিশ্চিত করা জরুরি বলে চিঠিতে জোর দেওয়া হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com