‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-04-2026

‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন

পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা, বিশিষ্ট বাচিকশিল্পী ও শিক্ষক বিপ্লব দাশগুপ্ত আর নেই। দীর্ঘ দেড় বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভোগার পর শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী রুমা দাশগুপ্ত।

পারিবারিক সূত্র জানায়, মৃত্যুর পর সন্ধ্যায় তাঁর মরদেহ দক্ষিণ কলকাতার গল্ফক্লাব রোডের বাসভবন থেকে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে নেওয়া হয়। সেখানে চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের সহকর্মী ও কলাকুশলীরা এই গুণী শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান।

পেশাগত জীবন শিক্ষকতা দিয়ে শুরু করলেও বিপ্লব দাশগুপ্তের মূল বিচরণ ছিল অভিনয় ও আবৃত্তির ভুবনে। ২০০৪ সালে ‘শ্যাডোজ অব টাইম’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। এরপর তিনি ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’ ও ‘গুমনামি’র মতো প্রশংসিত সিনেমায় কাজ করেছেন। বিশেষ করে ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। এছাড়া ‘রাগে অনুরাগে’, ‘সখী’ ও ‘নেতাজি’র মতো জনপ্রিয় ধারাবাহিকেও তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ।

সুগভীর কণ্ঠস্বরের অধিকারী এই শিল্পী বাচিকশিল্পী ও ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে ভারত ও বাংলাদেশে সমানভাবে সমাদৃত ছিলেন। তাঁর প্রয়াণে টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলার সাংস্কৃতিক অঙ্গনে একটি শূন্যতার সৃষ্টি হলো।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com