স্কুলের খাবারে গন্ধ পেলেন প্রতিমন্ত্রী, ল্যাবে পাঠালেন স্যাম্পল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-04-2026

স্কুলের খাবারে গন্ধ পেলেন প্রতিমন্ত্রী, ল্যাবে পাঠালেন স্যাম্পল

নরসিংদীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত মিড-ডে মিলের খাবারের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের খাবারের মান সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় সরবরাহ করা বনরুটিতে অস্বাভাবিক ও সন্দেহজনক গন্ধ পাওয়া গেলে তিনি তাৎক্ষণিকভাবে দুটি নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, খাবারের মানোন্নয়ন না হলে প্রয়োজনে কার্যাদেশ বাতিল করা হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ববি হাজ্জাজ জানান, শিশুদের পুষ্টি ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে মিড-ডে মিলের মান পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। খাবারের ত্রুটি নিয়ে মন্ত্রিসভাও উদ্বিগ্ন এবং প্রয়োজনে পুরো সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।

শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমান্তরাল কারিকুলাম প্রণয়নের কাজ চলছে। ইংরেজি ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com