বাসে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-04-2026

বাসে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিল এলাকায় গড়ে ওঠা নিট শিল্প পল্লি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লেও নাটকীয়ভাবে বাস ভাড়া বা পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। সরকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে; যদি কোনো পরিবহন বা ব্যবসায়ী অতিরিক্ত ভাড়া কিংবা মূল্য আদায় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশের শিল্প উৎপাদন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি বিতরণের ক্ষেত্রে সরকার শিল্প কারখানাকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। তাই জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমেছে—এমন দাবি পুরোপুরি সঠিক নয়। বরং বিশ্ববাজারে রপ্তানির চাহিদাদিতে যে মন্দাভাব চলছে, সেটিই রপ্তানি হ্রাসের অন্যতম প্রধান কারণ। তিনি আগামীতে বিনিয়োগকারীদের এমন শিল্প স্থাপনের আহ্বান জানান যেখানে জ্বালানি খরচ বা গ্যাসের ব্যবহার কম হবে।

বিটিএমসির জমি উদ্ধার প্রসঙ্গে তিনি জানান, শিল্প পল্লির বেশ কিছু প্লট এখনো স্থানীয়দের দখলে রয়েছে। এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে প্রতিটি প্লটকে বিনিয়োগের আওতায় আনা হবে। শিল্প পল্লি পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তারা নারায়ণগঞ্জের চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com