একসঙ্গে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-04-2026

একসঙ্গে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা এবং জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার প্রথমবারের মতো একটি গজলধর্মী দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। ‘অনায়াসে’ শিরোনামের এই বাংলা গজলটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় রুনা লায়লা এই বিশেষ খবরটি জানান। তিনি বলেন, গানটি প্রথমে এককভাবে গাওয়ার কথা থাকলেও সুর শোনার পর তিনি নিজেই বাপ্পাকে দ্বৈতভাবে গাওয়ার প্রস্তাব দেন। রুনা লায়লার এমন প্রস্তাবে বাপ্পা মজুমদার শুরুতে অবাক ও অভিভূত হলেও পরে দুজনে মিলে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন।

রুনা লায়লার মতে, বাংলা গজলের এই নতুন আঙ্গিক শ্রোতাদের কাছে একদম আলাদা মনে হবে। গালিব হাসানের কথায় এই গানটি আগামী মাসের ১৬ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ার কথা রয়েছে। কিংবদন্তি ও বর্তমান প্রজন্মের এই দুই তারকার মেলবন্ধন বাংলা গানে নতুন এক মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com