জ‌ঙ্গি হামলার আশঙ্কা, কাজ কর‌ছে সি‌টি‌টি‌সি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-04-2026

জ‌ঙ্গি হামলার আশঙ্কা, কাজ কর‌ছে সি‌টি‌টি‌সি

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর। শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তার কথা স্বীকার করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন। তিনি জানান, পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো এই তথ্য পাওয়ার পর থেকেই সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে।

গত ২৩ এপ্রিল পুলিশ সদর দফতর থেকে বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। ওই বার্তায় নির্দিষ্ট কোনো সংগঠনের নাম উল্লেখ না করা হলেও সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সতর্কতা দেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, গ্রেফতার ইসতিয়াকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল চাকরিচ্যুত দুই সেনাসদস্যের। এই প্রেক্ষাপটে জঙ্গি দমনে নিয়োজিত কর্মকর্তাদের বাড়তি নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান জানান, সুনির্দিষ্ট সংগঠনের নাম বা নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত কৌশল এই মুহূর্তে জনসমক্ষে প্রকাশ করার সুযোগ নেই। তবে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি সক্ষম। সশস্ত্র বাহিনীর কতজন সদস্য এই পরিকল্পনায় জড়িত বা গ্রেফতার হয়েছেন—এমন প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের কাজ চলছে।

উল্লেখ্য, বিগত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা 'দেশে জঙ্গি নেই' বলে যে মন্তব্য করেছিলেন, বর্তমান প্রেক্ষাপটে সেই বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক কমিশনারের ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুনশী শাহাবুদ্দীন বলেন, তারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাজ করছেন এবং উগ্রবাদী তৎপরতার প্রমাণ পেলে অবশ্যই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদও সদর দফতরের সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা মূলত ডিএমপির প্রটেকশন বিভাগ দেখে থাকে, তবে উদ্ভূত পরিস্থিতিতে সব বিভাগ মিলে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলোতে নিয়মিত নিরাপত্তা টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com