নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ‘অঘোষিত ফাইনালে’ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে কিউইরা।
সবশেষ পেসার শরীফুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন বিপজ্জনক হয়ে ওঠা মুহাম্মদ আব্বাস (২৫)। এর আগে ব্যক্তিগত ৫৯ রানে ফিফটি করা ওপেনার জ্যাক কেলিকে আউট করে ব্রেকথ্রু এনে দেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। দলীয় ১২৪ রানেই ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। মোস্তাফিজের দুটি ছাড়াও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরি (১১৯ বলে ১০৫ রান) এবং লিটন দাসের লড়াকু হাফ-সেঞ্চুরিতে (৯১ বলে ৭৬ রান) ভর করে ২৬৫ রানের লড়াকু স্কোর গড়ে টাইগাররা। চতুর্থ উইকেটে তারা ১৬০ রানের রেকর্ড জুটি গড়েন। শেষ দিকে তাওহীদ হৃদয়ের ৩৩ ও মিরাজের ২২ রানের কার্যকরী ইনিংসে ভর করে এই সংগ্রহ পায় স্বাগতিকরা। সিরিজে বর্তমানে ১-১ সমতা থাকায় এই ম্যাচের জয়ী দলই ট্রফি নিজেদের করে নেবে।