ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার আটক করলো যুক্তরাষ্ট্র


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-04-2026

ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার আটক করলো যুক্তরাষ্ট্র

এশীয় জলসীমায় চলাচলকারী ইরানি পতাকাবাহী অন্তত তিনটি বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার নিকটবর্তী অবস্থান থেকে জাহাজগুলোর গতিপথ পরিবর্তন করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) নৌ-চলাচল ও সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য ও বিভিন্ন শিপিং সূত্রের বরাতে জানা গেছে, আটককৃত জাহাজগুলোর মধ্যে মালয়েশিয়া উপকূলে থাকা সুপারট্যাংকার ‘ডিপ সি’ এবং ১০ লাখ ব্যারেল ধারণক্ষমতার ছোট ট্যাংকার ‘সেভিন’ আংশিক তেলভর্তি ছিল। অন্যদিকে, ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে দক্ষিণ ভারতের উপকূলে অবস্থান করা ‘ডোরেনা’ নামক তৃতীয় ট্যাংকারটি সম্পূর্ণ লোড অবস্থায় ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, অবরোধ লঙ্ঘনের চেষ্টার অভিযোগে ‘ডোরেনা’ বর্তমানে ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারের নিবিড় নজরদারিতে রয়েছে।

সেন্টকম আরও দাবি করেছে যে, ভারত উপকূলের কাছ থেকে ‘ডেরিয়া’ নামের আরেকটি ইরানি ট্যাংকারও তারা আটক করেছে। সব মিলিয়ে অবরোধ কার্যকর হওয়ার পর থেকে ইরানের বন্দরগামী বা ইরান ত্যাগ করা অন্তত ২৯টি জাহাজকে মাঝপথ থেকে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন বাহিনী। যদিও আটক হওয়া সব জাহাজের পূর্ণাঙ্গ তালিকা তারা এখনো প্রকাশ করেনি। এই অভিযানের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এশীয় জলসীমায় এই সামরিক তৎপরতা ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com