বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-04-2026

বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই ঘোষণা দেন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি দূরপাল্লা ও আন্তঃজেলা রুটেও প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা করে বৃদ্ধি পাবে, যা আজ থেকেই কার্যকর হচ্ছে।

মন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে; সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আসবে না। এছাড়া রেল ও নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আরও জানান, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসের ভাড়াও সে অনুযায়ী পুনঃনির্ধারণ করা হবে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন ও পেট্রোলসহ সব ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করার পর পরিবহন মালিকরা ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে ২ টাকা ৪২ পয়সা কার্যকর রয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com