ভয়াবহ তাপদাহে তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মর্মান্তিক পরিণতির সাক্ষী হলো রাজশাহীর মোহনপুর। তীব্র গরমে কেশরহাট ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় মো. আলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আলাম মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মনছের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলাম দুপুরে কেশরহাট ফিলিং স্টেশনে নিজের মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। প্রচণ্ড রোদ ও তীব্র গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত মানুষ তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও তার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ধারণা করা হচ্ছে, অসহনীয় তাপদাহে স্ট্রোক করার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তীব্র গরমে তেলের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। যেহেতু এটি একটি আকস্মিক দুর্ঘটনা এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না, তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে বর্তমান আবহাওয়ায় সাধারণ মানুষকে যতটুকু সম্ভব রোদ এড়িয়ে ও সতর্কতার সাথে চলাফেরা করার অনুরোধ জানাচ্ছি।”