অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-04-2026

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

বর্তমান সময়ে বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা অপতথ্য ও ভুল তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর কারিগরি সহায়তায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই আগ্রহের কথা জানান।

বৈঠকে ড. সুসান ভাইজ বাংলাদেশে ইউনেস্কোর চলমান বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা এবং বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে পড়া অপপ্রচার রোধে ইউনেস্কোর ভূমিকা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন তিনি। ইউনেস্কো প্রতিনিধি জানান, বর্তমানে সংস্থাটি ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাইয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

ইউনেস্কোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির এই যুগে তথ্যের সঠিকতা ও স্বচ্ছতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি ভবিষ্যতে অপতথ্য রোধে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরিতে সংস্থাটির কারিগরি সহযোগিতা কামনা করেন।

জবাবে ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন। সংবাদ সংস্থা বাসস এই খবরটি নিশ্চিত করেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com