৩৬ টাকা কেজিতে ধান এবং ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-04-2026

৩৬ টাকা কেজিতে ধান এবং ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে বোরো ধান ও গম সংগ্রহ শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। এবার প্রতি কেজি ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হবে।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দেশে চালের বার্ষিক চাহিদা ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন এবং উৎপাদনও প্রায় চাহিদার কাছাকাছি। এ বছর ফলন ভালো হয়েছে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা না থাকায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের আশা করছে সরকার। মূলত জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত মজুত গড়ে তুলতেই এই সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন সাপেক্ষে সংগ্রহের সময়সীমা পরবর্তীতে পুনর্মূল্যায়ন করা হতে পারে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com