যে কারণে বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-04-2026

যে কারণে বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মন্থর ওভার রেটের কারণে আইসিসির পক্ষ থেকে শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় শাস্তিস্বরূপ অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, ম্যাচের নির্ধারিত সময় পার হওয়ার পর হিসেব করে দেখা গেছে, বাংলাদেশ দল লক্ষ্যমাত্রার চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভার কম করার জন্য সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। বাংলাদেশ দল যেহেতু নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার পিছিয়ে ছিল, তাই নিয়মানুযায়ী তাদের মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ।

বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচ রেফারির কাছে নিজের দলের এই ধীরগতির বোলিংয়ের দায় স্বীকার করে নিয়েছেন। তিনি শাস্তির সিদ্ধান্ত মেনে নেওয়ায় এই ঘটনার জন্য বাড়তি কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ চলাকালীন এই অভিযোগটি উত্থাপন করেন মাঠের দায়িত্বরত দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। মাঠের খেলায় লড়াইয়ের পাশাপাশি সময়ের এই অব্যবস্থাপনা এখন টাইগাদের জন্য আর্থিক দণ্ডের কারণ হয়ে দাঁড়াল।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com