আফগানিস্তান ক্রিকেটের কিংবদন্তি পেসার ৩৮ বছর বয়সী শাপুর জাদরান বর্তমানে দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তিনি ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (HLH) নামক একটি বিরল ও প্রাণঘাতী রোগের পাশাপাশি যক্ষ্মা ও ডেঙ্গু সংক্রমণের মতো একাধিক জটিলতায় ভুগছেন।
চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে ভারতে আনা হয়। বোন ম্যারো টেস্টে এই বিরল রোগ ধরা পড়ার পর জানা যায়, এটি তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে। বর্তমানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে।
শাপুরের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খান তার ভিসা প্রক্রিয়ায় সহায়তা করেছেন এবং বোর্ড বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করছে। শহীদ আফ্রিদি, রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো তারকা ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়ে উইনিং রান এসেছিল শাপুরের ব্যাট থেকেই। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই বাঁ-হাতি পেসার ৮০টি আন্তর্জাতিক ম্যাচে সমানসংখ্যক ৮০টি উইকেট শিকার করেছেন। ক্রিকেট বিশ্ব এখন মাঠের এই লড়াকু যোদ্ধার জীবনযুদ্ধে ফেরার অপেক্ষায়।