‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ইরান সরকার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-04-2026

‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ইরান সরকার

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ইরান সরকার। তুরস্কের আনতালিয়া ডিপ্লোমাসি ফোরামের পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর মধ্যকার আলোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়।

সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ যাতায়াত সহজতর করতে ইরানের সহযোগিতা কামনা করেন। এর প্রেক্ষিতে সাঈদ খাতিবজাদেহ জানান, বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল হওয়া সত্ত্বেও বাংলাদেশি জাহাজের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি বজায় রাখার আহ্বান জানান। আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে ইরানের এই পদক্ষেপকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com