তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘অবসর ভাতা’ চালুর উদ্যোগ নিয়েছে। শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও কর্মীরা দীর্ঘকাল প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থাকায় প্রবীণ বয়সে অনিশ্চয়তায় ভোগেন। সাংবাদিকদের সম্মানজনক জীবন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এজন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করার পাশাপাশি গণমাধ্যমের সুরক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
এ সময় মন্ত্রী সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে চিকিৎসার জন্য কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এক লাখ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল ও ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।