এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার মামলায় ৬ আসামির চার দিনের রিমান্ড


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-04-2026

এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার মামলায় ৬ আসামির চার দিনের রিমান্ড

ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাং 'এলেক্স গ্রুপ'-এর প্রধান ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার মামলায় ৬ আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা এবং রাসেল ওরফে পিচ্চি রাসেল।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ এপ্রিল বিকেলে মোহাম্মদপুর বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ইমনের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ইমনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন নিহতের মা ফেরদৌসী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ এই ৬ জনকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। আজ শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিহত ইমন নিজেও মোহাম্মদপুর এলাকার একটি কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com