আরও ১০ হাজার সেনা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-04-2026

আরও ১০ হাজার সেনা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে নতুন করে প্রায় ১০ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও পেন্টাগনের এই সিদ্ধান্তে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ’ ও ‘বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’-এর সাথে এই বিপুল সংখ্যক নৌ ও মেরিন সেনা চলতি মাসেই ওই অঞ্চলে পৌঁছাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান 'বুদ্ধিমানের মতো' কাজ করলে সংঘাত দ্রুত শেষ হবে এবং তেলের দাম কমবে।

তবে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের বন্দরে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কমান্ডের দাবি, তারা এরই মধ্যে ইরানের সমুদ্র বাণিজ্য ৯০ শতাংশ অচল করে দিয়েছে। অন্যদিকে তেহরান একে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে, পারস্য উপসাগর বা লোহিত সাগরে কোনো জাহাজ চলাচলে বাধা দিলে তারা কঠোর ব্যবস্থা নেবে। পাল্টাপাল্টি এই অবস্থানে মধ্যপ্রাচ্যে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com