সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-04-2026

সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান অধিনায়কদের বিশেষ সম্মাননা জানাতে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর’ অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ সুবিধা ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হবে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল খান দেশের নারী ও পুরুষ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান অধিনায়কগণের হাতে এই স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ডটি হস্তান্তর করবেন। বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ক্রীড়া গণমাধ্যম ডেইলি ক্রিকেট সূত্রে জানা গেছে, এই ‘ক্যাপ্টেনস কার্ড’ আসলে একটি আজীবন প্রবেশপত্র। এই কার্ডের অধিকারী ক্রিকেটাররা দেশের যেকোনো স্টেডিয়ামে আয়োজিত সব আন্তর্জাতিক ম্যাচে সরাসরি প্রবেশের সুবিধা পাবেন। আগে বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদের খেলা দেখার জন্য আলাদা টিকেট সরবরাহ করা হতো। তবে এখন থেকে সেই সনাতন পদ্ধতি বাদ দিয়ে তাদের নেতৃত্বের মর্যাদাকে সম্মান জানাতে এই স্থায়ী ডিজিটাল কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের ক্রিকেটের ইতিহাসে যারা বিভিন্ন সময়ে জাতীয় দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে এবং যথাযথ সম্মান দিতেই বিসিবির এই ব্যতিক্রমী উদ্যোগ। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনের বিশিষ্ট তারকাদের মিলনমেলা ঘটবে বলে আশা করা হচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com