দুই বাংলার সঙ্গীতপ্রেমীদের জন্য এক দারুণ চমক নিয়ে আসছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ এবং কলকাতার কিংবদন্তি ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’। দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথমবারের মতো একই মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছে এই দুই দল। সম্প্রতি গণমাধ্যমকে এই বিশেষ মুহূর্তের খবর নিশ্চিত করেছেন মেঘদলের অন্যতম ভোকাল শিবু কুমার শীল।
কলকাতায় আয়োজিত হতে যাওয়া এই কনসার্টটি মেঘদলের সদস্যদের জন্য অত্যন্ত আবেগের। শিবু কুমার শীল তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “চন্দ্রবিন্দু আমাদের কাছে সব সময়ই এক অনন্য অনুপ্রেরণার নাম। আমরা যখন সঙ্গীতযাত্রা শুরু করি, তখন তাঁদের গানই মঞ্চে গাইতাম। সেই ভালোবাসা এখনও রয়ে গেছে। তাঁদের সঙ্গে একই মঞ্চে গাওয়ার সুযোগ পাওয়া আমাদের জন্য ভীষণ সম্মানের ও গর্বের।”
আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ সেপ্টেম্বর কলকাতায় এই ঐতিহাসিক কনসার্টটি অনুষ্ঠিত হবে। যদিও ভেন্যু বা নির্দিষ্ট কোন মঞ্চে গান শোনাবেন তা এখনও চূড়ান্ত হয়নি, তবে দুই ব্যান্ডের একই সাথে মঞ্চে থাকা নিশ্চিত হয়েছে।
‘এ হাওয়া’, ‘নেফারতিতি’, ‘নির্বাণ’, ‘তবু শহুরে জোনাক’ কিংবা ‘এসো আমার শহরে’র মতো জনপ্রিয় গান দিয়ে বর্তমানে দেশ ও দেশের বাইরে সরব সময় পার করছে মেঘদল। অন্যদিকে, ৩৭ বছর ধরে ‘ভিনদেশী তারা’ কিংবা ‘বন্ধু তোমায়’-এর মতো কালজয়ী গান দিয়ে নব্বইয়ের দশক থেকে বর্তমান প্রজন্মের হৃদয় দখল করে আছে চন্দ্রবিন্দু।
মেঘদলের বর্তমান লাইনআপ: শিবু কুমার শীল, মেজবাউর রহমান সুমন, রাশিদ শরীফ শোয়েব, আমজাদ হোসেন, এম জি কিবরিয়া, তানভীর দাউদ রনি এবং সৌরভ সরকার।