মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-04-2026

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

পবিত্র হজ ও ঈদুল আজহাকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য টানা ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে দেশটির মন্ত্রিপরিষদ। বুধবার (১৫ এপ্রিল) সম্ভাব্য তারিখ ও চাঁদ দেখার বিষয়টি বিবেচনা করে এই দীর্ঘ ছুটির ঘোষণা দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই ছুটির সূচি চূড়ান্ত করা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আরবি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস আগামী ১৮ মে থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে হজের প্রধান আনুষ্ঠানিকতা বা আরাফাতের দিন হতে পারে ২৬ মে (মঙ্গলবার)। আর এর পরদিন অর্থাৎ ২৭ মে (বুধবার) পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এই সম্ভাব্য সময়সূচিকে কেন্দ্র করেই আমিরাত সরকার ২৬ মে থেকে ২৯ মে পর্যন্ত বিশেষ ছুটি ঘোষণা করেছে। যেহেতু দেশটিতে নিয়মিত সাপ্তাহিক ছুটি শনিবার ও রোববার (৩০ ও ৩১ মে), তাই বাসিন্দারা টানা ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন অবকাশ যাপনের সুযোগ পাবেন।

সংযুক্ত আরব আমিরাতের এই সম্ভাব্য তারিখের সঙ্গে মিল রেখে সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একই দিনে ঈদ উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতি বছরই হজের তারিখ ও ঈদের ছুটি নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক আগ্রহ থাকে, তাই এই আগাম ঘোষণা পর্যটন ও ব্যক্তিগত পরিকল্পনা সাজাতে বাসিন্দাদের সহায়তা করবে।

ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৬ সালের ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে মে মাসের মাঝামাঝি সময়ে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটি তখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ঈদের সঠিক তারিখ ঘোষণা করবে। এর ফলে বাংলাদেশেও মে মাসের শেষ সপ্তাহে টানা ছুটির একটি পরিবেশ তৈরি হতে যাচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com