মার্কিন হুমকি তোয়াক্কা করলো না ইরান, হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-04-2026

মার্কিন হুমকি তোয়াক্কা করলো না ইরান, হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ ও হুশিয়ারি সত্ত্বেও একটি বিশাল ইরানি সুপারট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে দেশটির জলসীমায় প্রবেশ করেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী এই বিশাল জাহাজটি কোনো ধরনের গোপনীয়তার আশ্রয় না নিয়েই আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছে। এমনকি আন্তর্জাতিক নিয়ম মেনে জাহাজটির ট্র্যাকিং সিস্টেমও সার্বক্ষণিক সচল রাখা হয়েছিল।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাত্র একদিন আগে, সোমবার থেকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের সকল বন্দরের ওপর কঠোর অবরোধ আরোপ করেছে। সেন্টকমের প্রধান মঙ্গলবার দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে সব ধরনের সামুদ্রিক বাণিজ্য তারা ‘সম্পূর্ণভাবে বন্ধ’ করে দিয়েছেন এবং উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী সকল জাহাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নিরপেক্ষভাবে কার্যকর করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতি শান্ত করতে গত সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় এই অঞ্চলে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল এই তেলবাহী জাহাজের সফল প্রত্যাবর্তনকে ইরান তাদের বড় কৌশলগত বিজয় হিসেবে দেখছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com