৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-04-2026

৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল

গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকায় নাম অন্তর্ভুক্ত করা অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে মোট ৬ হাজার ৪৭৬ জন অমুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। অনেক ব্যক্তি ভুল তথ্য দিয়ে তালিকায় নাম লিখিয়েছেন, যাদের শনাক্তে তদন্ত ও শুনানি চলছে। ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত জমা পড়া ৮৪২টি অভিযোগের মধ্যে ৪৮১ জনের নাম বাতিলের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

আহমেদ আযম খান স্পষ্ট জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামুকার উপকমিটি তদন্ত পরিচালনা করে। কোনো ব্যক্তি অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে তার সনদসহ সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা তাৎক্ষণিকভাবে বাতিল করা হচ্ছে। বিশেষ করে যারা জালিয়াতির আশ্রয় নিয়ে ভারতীয় তালিকায় নাম ঢুকিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। তালিকা সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল করতে সারাদেশেই এই যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com