উদ্বোধন হল কৃষক কার্ডের, ৫ বছরে পৌনে ৩ কোটি কৃষককে আওতায় আনার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-04-2026

উদ্বোধন হল কৃষক কার্ডের, ৫ বছরে পৌনে ৩ কোটি কৃষককে আওতায় আনার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই বিশেষ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে আজ ২২ হাজার কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করেন, সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষিনির্ভর এলাকায় সংশ্লিষ্ট কলকারখানা ও হিমাগার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল, তাই কৃষক ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে—এই মূলমন্ত্রকে সামনে রেখেই ১০টি সুবিধা সংবলিত এই কার্ড বিতরণ করা হচ্ছে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে উল্লেখ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং কৃষকদের আস্থার প্রতিফলন ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com