ভোজ্যতেল ও জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১০ এপ্রিল) চালানো এই অভিযানে প্রায় ৫০ হাজার লিটার অবৈধ মজুত তেল জব্দের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই অভিযানের বিস্তারিত তথ্য জানান।
চট্টগ্রামে বড় সাফল্য: চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও মেডিকেল রোডসহ বিভিন্ন আবাসিক ভবনের ফ্ল্যাট ও ব্যক্তিগত গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে ৪৫ হাজার ৫৪৯ লিটার অবৈধ মজুত করা অকটেন, পেট্রোল, ডিজেল ও ভোজ্যতেল উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জে কারাদণ্ড: সলঙ্গা এলাকায় ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল অবৈধ মজুতের দায়ে দুই ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুরে জরিমানা: কোতোয়ালি এলাকায় একটি পেট্রোল পাম্পকে অবৈধ মজুদের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোটরসাইকেলের ট্যাংকে অতিরিক্ত জ্বালানি নেওয়ায় এক আরোহীকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ তেল: বাজার থেকে মেয়াদোত্তীর্ণ ১ হাজার ৫০০ লিটার তেল জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। চট্টগ্রামের ৬টি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশ, অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব ও অবৈধ মজুদের দায়ে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, "বাজার অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিষয়ে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।"