সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-04-2026

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী এবং ২৮টি মামলার দুর্ধর্ষ আসামি মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে র‍্যাব-১১-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার হওয়া রক্সি সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

দীর্ঘদিন ধরে রক্সি সোনারগাঁ ও এর পার্শ্ববর্তী উপজেলাগুলোতে একটি নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং মাদক ব্যবসার মতো গুরুতর অসংখ্য অভিযোগ রয়েছে। তিনি মূলত টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এছাড়া সাধারণ মানুষের জমি দখল, ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় এবং অপহরণ করে মুক্তিপণ নেওয়ার মতো অপরাধের মাধ্যমে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার ভয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আতঙ্কিত থাকলেও কেউ মুখ খোলার সাহস পেত না।

সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় রক্সির বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। র‍্যাব তাকে গ্রেফতারের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানিয়েছেন, তাকে ইতিমধ্যেই আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই শীর্ষ সন্ত্রাসীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com