ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালীন আবারও সংসদ কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধিবেশনের ১২তম দিনে বিকেল ৫টা ৫৬ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। চলতি অধিবেশনে এটি বিরোধী দলের তৃতীয় দফার ওয়াকআউট।
বিকেলে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। বিরোধী দলের তীব্র আপত্তি ও সংশোধনী প্রস্তাব থাকা সত্ত্বেও কণ্ঠভোটে বিলটি পাস হলে ক্ষোভে ফেটে পড়েন তারা।
ওয়াকআউটের ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন: “দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে আমরা তার দায় নিতে চাই না। তাই প্রতিবাদস্বরূপ আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।”
এর আগে গত ১২ মার্চ অধিবেশনের প্রথম দিনে এবং পরবর্তীতে ১ এপ্রিল দ্বিতীয় দফায় সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।
বিরোধী দল কক্ষ ত্যাগ করার পর ফ্লোর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বিরোধী দলের এই আচরণের সমালোচনা করে বলেন, “আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার প্রতিটি ধাপে (ফার্স্ট, সেকেন্ড ও থার্ড রিডিং) উনারা সক্রিয়ভাবে সহায়তা করেছেন। এমনকি কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর এখন ওয়াকআউটের কোনো মানে আছে কি না, তা আমার বোধগম্য নয়।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, মাগরিবের নামাজের বিরতির পর বিরোধী দলের সদস্যরা আবারও অধিবেশনে যোগ দেবেন।