মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-04-2026

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুই দেশের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতো শ্রী রমনন রামকৃষ্ণন অংশ নেন। এর আগে প্রতিনিধি দলটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং তাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। শ্রমবাজার সংক্রান্ত আলোচনায় উভয় দেশ একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে একমত হয়েছে। মালয়েশিয়া সরকার জানিয়েছে, তারা শীঘ্রই এআই-ভিত্তিক (AI) নিয়োগ ব্যবস্থা চালু করবে, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার গাইডলাইন অনুযায়ী ‘নিয়োগকর্তাই খরচ বহন করবেন’ নীতি বাস্তবায়নের মাধ্যমে অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, যারা আগে ভিসা পেয়েও মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। শ্রমবাজারের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। উভয় পক্ষ মানবপাচার রোধ এবং নিয়োগ প্রক্রিয়ার সব আইনি প্রতিবন্ধকতা দূর করে একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com