নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে: সিইসি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-04-2026

নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে: সিইসি

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়াই কমিশনের মূল লক্ষ্য।

সিইসি জানান, এবারের নির্বাচনে ড্রোনসহ আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। শেরপুর সীমান্ত এলাকা হওয়ায় সেখানে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরাও তৎপর রয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও এই নির্বাচনকে উন্নত ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটের হার নিয়ে সিইসি বলেন, সকাল থেকেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, তবে উপ-নির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কিছুটা কম হওয়ার প্রবণতা থাকে। এছাড়া চট্টগ্রামের দুটি আসনের ফল এবং সংবিধান সংস্কার সংক্রান্ত মামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি, কারণ বিষয়গুলো আদালতে বিচারাধীন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সরকারের সঙ্গে আলোচনা ও নতুন অধ্যাদেশ পাসের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com