দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য আগামী তিন দিনের বেশি সময় ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে এই মেরামতকাজ শুরু হবে। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত—অর্থাৎ মোট তিন দিন আট ঘণ্টা এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এই সময়ে সারা দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি বা সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। কনসোর্টিয়ামের সহযোগিতায় বিএসসিসিএল দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করার চেষ্টা করছে।
এই সাময়িক অসুবিধার জন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সঠিকভাবে মেরামত কাজ শেষ হওয়ার পরপরই নির্ধারিত সময়ের মধ্যে স্বাভাবিক ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে বলে গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে।
দীর্ঘ সময়ব্যাপী এই ইন্টারনেট বিভ্রাটের ঘোষণায় অনলাইননির্ভর পেশাজীবী, শিক্ষার্থী এবং সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সেবা বিঘ্নিত হওয়ার এই সময়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন।