জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করে সংসদে বিল পাস


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-04-2026

জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করে সংসদে বিল পাস

আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯’ আনুষ্ঠানিকভাবে রহিত করেছে জাতীয় সংসদ। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এই বিল পাসের ফলে শেখ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দকৃত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও সব ধরনের সুযোগ-সুবিধা বাতিল হলো।

বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৯ সালে জারি করা এই আইনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা এবং তাদের সন্তানদের জন্য আজীবন বিশেষ নিরাপত্তা ও রাষ্ট্রীয় বাসভবনসহ নানা রাজকীয় সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। তবে বর্তমান সরকার মনে করে, নির্দিষ্ট একটি পরিবারের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এমন বিশেষ সুবিধা প্রদান স্পষ্টতই বৈষম্যমূলক। এই বৈষম্য দূর করে রাষ্ট্রে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার আগেই আইনটি বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।

এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আজ সংসদীয় প্রক্রিয়ায় সেই অধ্যাদেশটি বিল আকারে পাসের মাধ্যমে পূর্ণাঙ্গ আইনি রূপ পেল। এর ফলে এখন থেকে শেখ পরিবারের সদস্যরা আর কোনো বিশেষ প্রটোকল বা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবেন না। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সংসদীয় ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com