কলকাতায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মুসলিম তরুণীকে পুড়িয়ে হত্যা: অভিযুক্ত সিদ্ধার্থ চারিওয়াল গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার , আপডেট করা হয়েছে : 07-04-2026

কলকাতায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মুসলিম তরুণীকে পুড়িয়ে হত্যা: অভিযুক্ত সিদ্ধার্থ চারিওয়াল গ্রেপ্তার

কলকাতার ময়দান এলাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মুসলিম তরুণীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার মর্মান্তিক ও নৃশংস ঘটনা ঘটেছে। নিহত ৩০ বছর বয়সী ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত সিদ্ধার্থ চারিওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিদ্ধার্থ চারিওয়াল দীর্ঘদিন ধরেই ওই তরুণীকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। এমনকি তাকে চাকরির প্রলোভন দেখিয়েও নিজের ফাঁদে ফেলার চেষ্টা করে সে। সম্প্রতি একটি চাকরির ইন্টারভিউয়ের কথা বলে তরুণীকে ময়দানের এক নির্জন স্থানে ডেকে নেয় সিদ্ধার্থ। সেখানে পৌঁছানোর পর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সিদ্ধার্থ তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

শেষ মুহূর্তের জবানবন্দি ময়দান থানা পুলিশ ও পথচারীরা গুরুতর দগ্ধ অবস্থায় তরুণীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। মৃত্যুশয্যায় থাকা অবস্থায় তরুণী তার মাকে জানায়, সিদ্ধার্থ চারিওয়ালই তাকে পুড়িয়ে মেরেছে। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।

নিহতের মা জানান, “আমার মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার ফোন বন্ধ হয়ে যায়। পরে ময়দান থানার পুলিশ আমাদের জানায়, তাকে বাবুঘাটের কাছে মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় পাওয়া গেছে।” মা আরও জানান, অভিযুক্ত সিদ্ধার্থ নিয়মিত তার মেয়েকে বিয়ের জন্য এবং চাকরির বিনিময়ে প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করত। ধর্মের পার্থক্য ও ব্যক্তিগত কারণে মেয়ে বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, যার আক্রোশেই এই হত্যাকাণ্ড।

পুলিশের পদক্ষেপ এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই স্থানীয় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। ময়দান থানার পুলিশ সিদ্ধার্থ চারিওয়ালকে আটক করেছে এবং তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার নিখুঁত তদন্তের স্বার্থে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com